বন্ধু আমার আমলা কিন্তু হাস্যরসিক স্বভাবে... লিখেটিখে বহু বই ছাপালেন উচ্চপদের প্রভাবে।
হাসান প্রচুর যেখানেই যান
পান খেয়ে খেয়ে ওষ্ঠ রাঙান
যদি বলি ‘বউ বিগড়ে যাবেন পান খেতে নেই ওভাবে’-
‘বউ করে পান, আমি খাই পান’... বলেন কথার জবাবে।
সেদিন বিকেলে আড্ডা জমিয়ে
কথা হচ্ছিল বইপড়া নিয়ে...
তিনি বললেন, ‘আমার বউ-ও বই ভালোবাসে অতিশয়’-
সবাই বলল, ‘বইপ্রিয় বউ না হলে কবির ক্ষতি হয়।’
হাহা করে হেসে বললেন তিনি;
‘ক্ষতি তো আমার হয় প্রতিদিনই...
বউ যে আমার... বই ভালোবাসে... তবে সেটা হলো চেকবই!’
তার কথা শুনে ভাবলাম আমি এই নিয়ে ছড়া লেখবই!

No comments
Post a Comment